কক্সবাজারে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

 

কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. সরোয়ার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (এসআরবি-৭), চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানাধীন কালুর দোকান এলাকায় বার্মিজ মার্কেট রোডসংলগ্ন মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ‘ইজি’ শপিং ব্যাগ তল্লাশি করে সাতটি বান্ডিলে মোড়ানো ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা বলে জানিয়েছে এসআরবি।

গ্রেপ্তার মো. সরোয়ার চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপদিয়া এলাকার মোসলেম মিয়ার ছেলে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসআরবি-৭ জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর