চট্টগ্রামের আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে মোটরসাইকেলে ইয়াবা পাচারের সময় ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে আনোয়ারা থানাধীন আনোয়ারা এলপিজি অটো গ্যাস স্টেশন এলাকার সৈয়দ কুচাইয়ার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হলে এর সামনের শেডে ইংরেজিতে ‘PRESS Daily Bangladesh Observer’ লেখা স্টিকার দেখা যায়।
পরে মোটরসাইকেলটির হাফ চেসিস ও চেসিস বক্সের ভেতর থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নুরুল আলম প্রকাশ মুজাহিদকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ থানার রংগীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে।
র্যাব জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা। গ্রেফতার ব্যক্তি, ইয়াবা ও জব্দ মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।