১৮ মাসের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জেএমএস শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

শহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

 

 

 

প্রায় ১৮ মাসের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন চট্টগ্রাম ইপিজেডের জেএমএস গার্মেন্টস লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। শুক্রবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে দীর্ঘদিনের পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ না নেওয়ায় মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, প্রায় ১৮ মাস ধরে তাদের বেতনসহ বিভিন্ন পাওনা পরিশোধ করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর সমাধান মেলেনি। বারবার যোগাযোগ ও আন্দোলন কর্মসূচি পালন করেও তাদের বিভিন্ন তারিখ দিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

শ্রমিকদের ভাষ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গেলে পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু বাস্তবে পাওনা পরিশোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরে শ্রমিক-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে রয়েছেন।

মানববন্ধনে এক শ্রমিক বলেন, “১৮ মাস ধরে আমরা অপেক্ষা করছি। বারবার আমাদের তারিখ দেওয়া হচ্ছে, কিন্তু পাওনা টাকা দেওয়া হচ্ছে না। আমরা কাজ করেছি, শ্রম দিয়েছি। আমরা কোনো অনৈতিক দাবি করছি না; আমরা শুধু আমাদের ন্যায্য পাওনা বুঝে পেতে চাই।”

আরেক শ্রমিক বলেন, “মালিকপক্ষের কাছে গেলে তারা কোনো সমাধান দিতে পারছেন না। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। তারপরও আমাদের পাওনা পরিশোধের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে আমরা পরিবার নিয়ে চরম কষ্টে আছি।”

শ্রমিকদের আরও অভিযোগ, জেএমএসের ব্যবসা থেকে মালিকপক্ষ অন্যান্য প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করলেও তাদের দীর্ঘদিনের পাওনা পরিশোধ করা হচ্ছে না। এ বিষয়ে মালিকপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মানববন্ধন থেকে শ্রমিক-কর্মচারীরা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে তাদের সব বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৮ সেপ্টেম্বর বেপজার কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

এ সময় শ্রমিকরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দীর্ঘদিন ধরে পাওনা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে যে আর্থিক সংকটের মধ্যে রয়েছেন, তা বিবেচনায় নিয়ে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

শ্রমিকরা বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য পাওনা চাই। ১৮ মাস ধরে অপেক্ষা করছি। এরপরও যদি পাওনা পরিশোধ করা না হয়, তাহলে বাধ্য হয়ে পরবর্তী কর্মসূচিতে যেতে হবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর