অসচ্ছল মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা, ওয়ালটন প্লাজার মানবিক উদ্যোগ

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩৯ বার পঠিত

 

 

সমাজের অসহায়, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ওয়ালটন প্লাজা। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের ইপিজেড নেভি গেট ও কাঠগড় শাখার যৌথ উদ্যোগে ইপিজেড এলাকায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।

বুধবার (২৪ জুন) ইপিজেড এলাকার নিউ চাঁদের আলো হাসপাতালের সামনে আয়োজিত এ জনকল্যাণমূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুস সোবহান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ এবং এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে সমাজের একটি বড় অংশ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ প্রেক্ষাপটে ওয়ালটন প্লাজার এ উদ্যোগ প্রশংসনীয় ও সময়োপযোগী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা নেভি গেট শাখার ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, ইপিজেড শাখার ম্যানেজার মোঃ ইমন মিয়া এবং কাঠগড় শাখার ম্যানেজার মোঃ ওয়াহিদুর রহমান। তারা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসক ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি অসচ্ছল রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা নিতে আসা শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ এ উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রাপ্তি তাদের জন্য অত্যন্ত সহায়ক। তারা দেশের অন্যান্য অঞ্চল, বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকাতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।

সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে ওয়ালটন প্লাজা যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা করপোরেট সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ। জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর