চট্টগ্রাম ইপিজেডে বেপজা কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময় শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শ্রম পরিবেশ নিয়ে আলোচনা

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪ বার পঠিত

 

চট্টগ্রাম শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও শিল্পকারখানাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম ইপিজেডে (EPZ) বেপজা কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের নবনিযুক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম।

মঙ্গলবার (১৯ মে) সকালে তিনি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) চট্টগ্রাম ইপিজেড কার্যালয়ে গিয়ে নির্বাহী পরিচালক মসিহউদ্দিন বিন মেসবাহ’র সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মোহাম্মদ শাহাদাত হোসাইন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে চট্টগ্রাম ইপিজেডকেন্দ্রিক শিল্পকারখানার সার্বিক নিরাপত্তা, শ্রমিকদের কর্মপরিবেশ, শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং শিল্প উৎপাদন নির্বিঘ্ন রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী ও বেপজার সমন্বিত কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শ্রম অসন্তোষ, নিরাপত্তা ঝুঁকি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক যোগাযোগব্যবস্থা জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

পরে নবনিযুক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ইপিজেড এলাকায় অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বক্স পরিদর্শন করেন। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দায়িত্ব পালনসংক্রান্ত বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। একই সঙ্গে ফোর্স সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও শ্রমবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর