ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। রোববার (২৩ আগস্ট) দুপুরে ফেনী সদর থানার লালপুল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাঁধে থাকা ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, চট্টগ্রাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাসে করে এক মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ফেনীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট দুপুর ১২টা ৫ মিনিটের দিকে র্যাব-৭-এর একটি আভিযানিক দল ফেনী সদর থানাধীন লালপুল সাকিনের মুহুরী ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
এরপর সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করে র্যাব সদস্যরা। একপর্যায়ে চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের পেছনের দিকে যাত্রী সিটে বসা নাছির উদ্দিন কৌশলে পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
পরে তার সঙ্গে থাকা কাঁধের ব্যাগ তল্লাশি করে স্বচ্ছ পলিথিন জিপার প্যাকেটে রাখা ৮ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা।
আটক নাছির উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ডুমখালী এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল আলম।
র্যাব-৭ জানায়, আটক নাছির উদ্দিন ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।